ইউরোপের বাজারে বাড়ছে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা

by Abid vs36

আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক এবং নিয়মিত বাজারসংযোগ বাড়ানোর মাধ্যমে ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের রপ্তানি আরও বিস্তৃত করার বড় সুযোগ রয়েছে বলে মনে করছেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক খাদ্য আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ইউনাইটেড ডাচ এক্সপোর্টার্সের (ইউনিডেক্স) অ্যাম্বাসেডর ও অ্যাডভাইজার ফোরকান হায়দার চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই বেলজিয়ান নাগরিক জানান, বর্তমানে ইউরোপে এথনিক ও মূলধারার খাদ্যপণ্যের বার্ষিক বাজার মূল্য শতকোটি টাকারও বেশি। পণ্যের গুণগত মান ও পারস্পরিক আস্থার সম্পর্ক ধরে রাখতে পারলে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত খাদ্যসামগ্রীর চাহিদা এই বাজারে ক্রমাগত বৃদ্ধি পাবে।

প্রতিষ্ঠানটির ইতিহাস তুলে ধরে তিনি জানান, ১৯৮৯ সালে রোল্যান্ড ইয়ানসেন একটি ছোট উদ্যোগ হিসেবে ইউনিডেক্স প্রতিষ্ঠা করেন। শোবার ঘরে একটি ফ্যাক্স মেশিন নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে ইউরোপের অন্যতম বৃহৎ এথনিক ফুড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে পরিণত হয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি দুটি খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। এর একটি হলো এথনিক বাজার, যেখানে বিভিন্ন দেশের গ্রোসারি ও বিশেষায়িত দোকানে পণ্য সরবরাহ করা হয় এবং অন্যটি হলো মূলধারার খুচরা বাজার, যেখানে বড় সুপারমার্কেট ও রিটেইল চেইনের মাধ্যমে আন্তর্জাতিক খাদ্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ইউনিডেক্স বর্তমানে হেলসিংকি থেকে মাল্টা পর্যন্ত বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে ড্রাই ফুড, পানীয় এবং হিমায়িত খাদ্যপণ্য বাজারজাত করছে। পশ্চিম আফ্রিকা, নরওয়ে ও চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আমদানির পাশাপাশি এই নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে।

বিজ্ঞাপন
banner

ফোরকান হায়দার চৌধুরী জানান, ২০০৭ সালে তিনি কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে ইউনিডেক্সে যোগ দেওয়ার পর তাঁর কর্মদক্ষতার কারণে পরবর্তীতে ডিরেক্টর অব সেলস পদে দায়িত্ব পান। তাঁরই বিশেষ উদ্যোগে প্রাণ, বিডি ফুড, ইফাদ, ড্যানিশসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য এবং ফ্রোজেন মাছ ও বিভিন্ন ধরনের স্ন্যাকস ইউনিডেক্সের মাধ্যমে ইউরোপের বাজারে পৌঁছাতে শুরু করে। এসব পণ্য এখন কেবল এশিয়ানদের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং ইউরোপে বসবাসরত আরব, আফ্রিকান ও মূলধারার ইউরোপীয় ভোক্তাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। নতুন সরবরাহকারী খুঁজে বের করতে তিনি দুবাইয়ের গালফ ফুড, জার্মানির আনুগা, ফ্রান্সের সিয়াল এবং থাইল্যান্ডের থাইফেক্স প্রদর্শনীতে নিয়মিত অংশ নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে সম্ভাবনাময় রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন।

সম্প্রতি ইউনিডেক্স ইউরোপভিত্তিক এশিয়ান ফুড গ্রুপের সঙ্গে একীভূত হয়ে একটি বৃহত্তর ব্যবসায়িক গ্রুপ গঠন করায় এর ক্রয়ক্ষমতা ও বাজার সম্প্রসারণের সক্ষমতা বহুগুণে বেড়েছে, যা বাংলাদেশের উৎপাদকদের জন্য ইউরোপীয় বাজারে প্রবেশের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দেশের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করতে পারলে বাংলাদেশি খাদ্যপণ্যের জন্য ইউরোপের বাজারে এক বিশাল ও স্থায়ী সম্ভাবনা তৈরি হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222