পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা, ট্যাবলেট মুকুল গ্রেফতার

by Masudul Kadir

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে পেটের ভেতর অভিনব কায়দায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট বহনের সময় মুকুল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৮ জুলাই) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল থানাধীন ইটাখোলা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালাম সরদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে এক ব্যক্তি অভিনব কায়দায় পেটের ভেতর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বহন করে সিএনজিযোগে ক্ষেতলাল অভিমুখে আসছেন। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

এসময় সন্দেহভাজন একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এলোমেলো উত্তর দিতে থাকেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে ডিবি পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত মুকুল স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ জেলাসহ আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারিতে বিক্রির উদ্দেশে পেটের ভেতর করে নিয়ে আসছিলেন।

তার পেটের ভেতর ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য জয়পুরহাট পৌরসভার আমতলী সিও কলোনীস্থ ‘পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে টেকনিশিয়ানের সহায়তায় আসামির এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেটের পোটলার স্পষ্ট উপস্থিতি ধরা পড়ে। এরপর ধৃত আসামি মুকুলকে ক্লিনিকের টয়লেটে নিয়ে যাওয়া হলে তিনি নিজ হাতে তার পায়ুপথ দিয়ে একে একে পাঁচ পোটলা ইয়াবা বের করে দেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি পোটলায় ১০০ পিস করে সর্বমোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ডিজিটাল স্কেলে ওজন করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222