বাংলাদেশি বিনিয়োগ চায় তালেবান সরকার, মস্কোয় দুই রাষ্ট্রদূতের বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এবং দেশে বড় ধরনের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে আগ্রহী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে আফগানিস্তানের বিভিন্ন উদীয়মান খাতগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিয়ার মস্কোয় অবস্থিত আফগান দূতাবাসের বরাতে দেশটির গণমাধ্যম ‘আরিয়ানা নিউজ’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে রাশিয়ায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসান সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে।

মস্কোতে অনুষ্ঠিত এই বৈঠকে আফগান রাষ্ট্রদূত গুল হাসান আফগানিস্তানের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নামকরা কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা আফগানিস্তানের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে এগিয়ে আসবেন।

বৈঠকে দুই দেশের রাষ্ট্রদূত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কারিগরি খাতে পারস্পরিক সহযোগিতা প্রসারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের যৌথ উদ্যোগে নতুন প্রকল্প গ্রহণ এবং দুই দেশের জনগণের স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পৃক্ততা দৃঢ় করার এই প্রচেষ্টা আগামী দিনে ঢাকা-কাবুল সম্পর্ককে আরও গতিশীল করবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222