তুরস্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ হচ্ছে

by amirulislamluqman20@gmail.com

তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি সহযোগিতা সংস্থা আইডিডিইএফ-এর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হবে। এই মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে আইডিডিইএফ-এর আন্তর্জাতিক সমন্বয়ক সালাইউদ্দিন সিল্যান বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
banner

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ আমাদের দীর্ঘদিনের চাহিদা। শিগগিরই এই অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই নির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি তুরস্কের আইডিডিইএফ-এর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কারে সহযোগিতা করায় তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পরে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বিষয়ে এক  মতবিনিময়সভা  অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স-এর সম্ভাব্য নকশা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বৈঠকে অবহিত করেন।

এ সময় অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁঞা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাওসারী আখতার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম, পিকেএসএফ-এর ডিএমডি মো. হাসান খালেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222