রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ফেসবুক পোস্টে একটি ছাত্রী হল সংসদের নির্বাচিতদের হিজাব নিয়ে করা বিরূপ মন্তব্যের জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পর্দার অবমাননামূলক ওই পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন এবং তার শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রতিবাদের মুখে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষক মামুন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে দুপুর ১২টার দিকে তার শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
এর আগে গতকাল (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত টাইমলাইনে করা একটি পোস্টে একটি ছাত্রী হল সংসদের শপথ অনুষ্ঠানের ছবি পোস্ট করে অধ্যাপক আব্দুল্লাহ আল লিখেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাশে যাব। পরব টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’
পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই মুছে ফেলা হয় এবং ওই শিক্ষক দাবি করেন, তিনি নিজে পরবর্তীতে এই বিষয়টি চিন্তা করে এটি করেছিলেন। কাউকে পোশাক নিয়ে কটাক্ষ করার উদ্দেশ্য তার ছিল না।
এআইএল/
