ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অনেকে।
শনিবার (১ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মন্দিরের প্রবেশ পথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদদলনের ঘটনা ঘটে। মন্দিরের প্রবেশ ও প্রস্থান ছিল মাত্র একটি পথ, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়ায়।
মন্দির প্রাঙ্গণ থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন। পরে প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা প্রাণহীনদের বাঁচানোর চেষ্টা করেন।
সরকারি সূত্রে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে আগে থেকে অতিরিক্ত ভিড়ের বিষয়ে অবহিত করেনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এআইএল/
