বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দাখিল করা রিপোর্টে বর্তমান বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের নাম উত্থাপিত হওয়ায় দেশের ন্যায়বিচার, জনআস্থা এবং বিচার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় উঠে এসেছে।
জাতির রক্তাক্ত স্মৃতি-বহনকারী এই ঘটনায় যে কোনও অভিযোগ, সংশ্লিষ্টতা, গাফিলতি বা দায়িত্বে ব্যর্থতা বিষয়ে পদে বহাল অবস্থায় থাকা ব্যক্তি অপরাধ বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনবিশ্বাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, একজন উচ্চপদস্থ পুলিশ প্রধানের বিরুদ্ধে তদন্ত রিপোর্টে নাম আসা সত্ত্বেও তার দায়িত্বে বহাল থাকা, রাষ্ট্রব্যবস্থা ও বিচার ব্যবস্থার ওপর জনমনে সন্দেহ তৈরি করছে। ন্যায়বিচারের স্বীকৃতি শুধু আদালতের রায়ে নয়, বরং সরকারের যথাযথ পদক্ষেপে প্রতিফলিত হওয়াও জরুরি।
অতএব, দেশের স্বার্থ, বিচারব্যবস্থার মর্যাদা এবং ভবিষ্যতের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা রক্ষার্থে আমি ও আমরা ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে বিনীতভাবে প্রার্থনা করছি, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি/বরখাস্ত করার নির্দেশ দেওয়া হোক।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠান। তারা হলেন, অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।
এআইএল/
