বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কারণেই খালেদা জিয়ার বিদায়টি ইতিহাসের অংশ হয়ে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। যাঁদের যত্ন, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বে এটি সম্ভব হয়েছে, তাঁদের সবাইকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, জীবনের গভীর শোকের মুহূর্তে তিনি তাঁর মায়ের শেষ বিদায় জানাতে পেরেছেন, যা দেশের মানুষের প্রতি সম্মান রেখেই সম্পন্ন হয়েছে।
দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেছেন। তাঁরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকাবহ পরিবেশে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ ছাড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নারী ও পুরুষ সদস্যদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনের সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। তাঁদের ধৈর্য ও দায়িত্ববোধের কারণেই বিপুলসংখ্যক মানুষ নিরাপদে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছেন বলে মন্তব্য করেন তারেক রহমান। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফসহ গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ, সংস্কৃতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথাও তুলে ধরেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের আন্তরিক প্রচেষ্টায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি সমবেদনা জানাতে পেরেছেন, যা খালেদা জিয়ার প্রতি আন্তর্জাতিক সম্মানের প্রতিফলন।
এত বড় জনসমাবেশের মধ্যে অনুষ্ঠান কাভার করা সাংবাদিকদের জন্য কঠিন ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জানাজা ও দাফনের সংবাদ বিশ্বব্যাপী তুলে ধরেছেন।
সবশেষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। জাতীয় শোকের এই সময়ে তাঁদের উপস্থিতি ও সহযোগিতা পরিবারের জন্য বড় সমর্থন হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, প্রতিষ্ঠানিক পরিচয়ের বাইরে মানুষ হিসেবে সবাই যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা তাঁদের পরিবার ও জাতির হৃদয়ে গভীরভাবে অনুরণিত হবে।
টিএইচএ/