দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দীন, ফকিহ ও দ্বীনি রাহবার উসতাযুল উলামা হযরত মুফতী গোলাম রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। তিনি বুধবার ৮ শা‘বান ১৪৪৭ হিজরি, ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মরহুম মুফতী গোলাম রহমান (রহ.) দক্ষিণবাংলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামি‘আ ইসলামিয়া মারকাযুল উলূম, খুলনা-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন। তাঁর ইন্তেকালে সারাদেশে আলেম সমাজ, ছাত্র-শাগরিদ ও ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইলম ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত
মুফতী গোলাম রহমান (রহ.) ছিলেন একাধারে দরদী উস্তাদ, প্রজ্ঞাবান মুফতী ও আমলনিষ্ঠ সাধক। কুরআন-হাদিসের খেদমত, ইলমে ফিকহ চর্চা, দাওয়াত ও তাবলিগের কাজে তিনি সারাজীবন নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছিলেন। তাঁর বিনয়, ইলমী গভীরতা ও আমলভিত্তিক জীবনধারা দক্ষিণবঙ্গের আলেম সমাজের জন্য ছিল অনুকরণীয় দৃষ্টান্ত।
জানাযায় জনসমুদ্র
মরহুমের জানাযা বুধবার রাত ৯টায় খুলনা নগরীতে অনুষ্ঠিত হয়। জানাযায় দেশবরেণ্য উলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-শাগরিদ ও সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযা শেষে তাঁকে খুলনা নগরীর নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে স্মৃতিচারণমূলক বয়ান করেন দারুল উলূম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, যশোর দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, ঢাকা রহমানিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী বুরহানুদ্দীনসহ দেশের খ্যাতিমান আলেমগণ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, খুলনা-২ আসনের এমপি প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াত নেতা শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ খুলনা বিভাগের নবীন-প্রবীণ উলামায়ে কেরাম।
মুহতামিমের দায়িত্ব পেলেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া
মরহুমের ইন্তেকালের পর জামি‘আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার মজলিসে শূরার জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সুযোগ্য পুত্র মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া-কে মাদরাসার নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়। এ ঘোষণা দেন দারুল উলূম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ।
স্মরণসভা ও দোয়া মাহফিল
আগামী সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, সকাল ১০টায় মরহুম মুফতী গোলাম রহমান (রহ.)-এর স্মরণে তাঁরই প্রতিষ্ঠিত মারকাযুল উলূম খুলনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।
মরহুম এক পুত্র, চার কন্যা, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও হাজারো ছাত্র-শাগরিদ রেখে গেছেন। তাঁর ইন্তেকালে আলেম সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তা‘আলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শাগরিদ ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।
হাআমা/
