অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের চারপাশে ১০০ মিটার এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এসব এলাকায় হর্ন বাজানো আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০২৫ অনুসারে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকা—সচিবালয়ের ভেতরের ও চারপাশের সব সড়ক এবং পার্কিং এলাকায়—হর্ন বাজানো যানবাহনের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত ১ ফেব্রুয়ারি তারিখের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনাসহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে সব সরকারি ও বেসরকারি যানবাহনচালকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০২৫ মেনে সচিবালয় এলাকায় কোনো ধরনের হর্ন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
টিএইচএ/
