শেরপুরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই, ৩ বছরের কারাদণ্ড

by Fatih Work

শেরপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ৯৮ নম্বর নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।

বিজ্ঞাপন
banner

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, সকাল প্রায় ১১টার দিকে শেরপুর-১ (সদর) আসনের ওই কেন্দ্রে বিএনপি নেতা মো. রাহাত হোসেন, কর্মী বাবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রুবেল মিয়াসহ ১৫ থেকে ১৬ জন নেতাকর্মী কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে অবৈধভাবে ভোট প্রদান শুরু করেন।

এ সময় ধানের শীষ প্রতীকে সিল মারা ২৬টি ব্যালট পেপার নির্ধারিত বাক্সে ফেলা হয়। পাশাপাশি ব্যালটের ক্রমিক নম্বর ০২৯৯৯০১ থেকে ০৩০০০০০ পর্যন্ত নম্বরযুক্ত গণভোট ও প্রতীকসংবলিত দুটি ব্যালট বই ছিনিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরিকল্পনা কমিশনের সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ছিনতাই হওয়া ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর ছিনিয়ে নেওয়া দুটি ব্যালট বই এবং বাক্সে থাকা ২৬টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করা হয়। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক মাসুদ মিয়াকে ১৯৭২ সালের ৮১(১)(চ)(অ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বেলাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একই আসনের দিঘারপাড় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উদয় সাহা জানান, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তারা আটক থাকবেন।

শেরপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222