বগুড়ার শিবগঞ্জে নারীদের কক্ষে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাহেরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, ভোটার না হওয়া সত্ত্বেও কেন্দ্রে অনধিকার প্রবেশ করায় ওই ব্যক্তিকে জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত তাহেরুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় তাহেরুল ইসলাম নারীদের ভোটকক্ষে প্রবেশ করেন। পরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।
এমএআর/
