ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মাওলানা মামুনুল হক তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানস্থ মাইলস্টোন স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একদল ‘ছাত্রদল নামধারী সন্ত্রাসী’ কেন্দ্রের সামনে সংঘবদ্ধভাবে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করে এবং কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রের গেট বন্ধ করে নিরাপত্তা জোরদার করে। পরে সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সরে যায় বলে দলটির দাবি।
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং সদস্য-সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন প্রার্থীর ভোটকেন্দ্র পরিদর্শন আইনসিদ্ধ ও স্বাভাবিক বিষয়। সেখানে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ সৃষ্টি করা নির্বাচনী প্রক্রিয়াকে ভীতিকর ও অস্থিতিশীল করার অপচেষ্টা।
বিবৃতিতে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
এ ঘটনায় বিএনপির প্রতি কঠোর বার্তা দিয়ে খেলাফত মজলিসের নেতারা বলেন, দলীয় পরিচয়ে কেউ যদি ভয়ভীতি, হামলার অপচেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকে, তবে তার রাজনৈতিক দায় বিএনপি নেতৃত্বকে বহন করতে হবে। দৃশ্যমান ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায়বদ্ধতা প্রমাণের আহ্বানও জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, মাওলানা মামুনুল হকের নিরাপত্তা ও সম্মানের ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করা হলে তা দেশের বিপুল সংখ্যক নাগরিকের অনুভূতির ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশনের প্রতি দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
হাআমা/
