বরগুনার তালতলী উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আলী আহম্মদ ফরাজী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগী ফরাজী উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ১৮০ নম্বর কাজির খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার সময় পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি হামলার শিকার হন।
পরে জানা যায়, স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আলী আহম্মদ ফরাজীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপক্ষের পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়া উভয় পক্ষের বিরুদ্ধেই মামলা রয়েছে। এ ঘটনায় ভোট-সংশ্লিষ্ট বা রাজনৈতিক কোনো বিষয় নেই।”
এমএআর/
