ধ্বংসস্তূপ ও যুদ্ধবিরতির বিষাদময় আবহে গাজায় রমজান শুরু

by Fatih Work

এক বুক হাহাকার আর ধ্বংসস্তূপের স্তব্ধতা নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। দীর্ঘস্থায়ী যুদ্ধ, অবর্ণনীয় মানবিক বিপর্যয় আর চরম অর্থনৈতিক সংকটের যাঁতাকলে পিষ্ট গাজাবাসীর কাছে এবারের রমজান অনেকটা বিবর্ণ। উৎসবের আমেজ ছাপিয়ে সেখানে এখন কেবলই টিকে থাকার লড়াই। যে রমজান মাস হওয়ার কথা ছিল ইবাদত, আত্মশুদ্ধি আর স্বজনদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়ার, সেই মাসটি এখন ফিলিস্তিনিদের কাছে এক চরম অনিশ্চয়তা।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত গাজার জনপদকে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বড় অংশই নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতায় গাজার অধিকাংশ মানুষ আজ নিজ ভূমি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি পরিকল্পনা গৃহীত হলেও বাস্তবে তার প্রতিফলন খুবই ক্ষীণ। নাজুক এই সমঝোতার মধ্যেই প্রায় প্রতিদিন গাজার আকাশে গোলার শব্দ আর ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে, যা নতুন করে প্রাণহানি ও আতঙ্ক ছড়াচ্ছে।

বিজ্ঞাপন
banner

গাজার স্থানীয় বাজারগুলোতে এখন আর আগের মতো ভিড় নেই। মানুষের হাতে নেই কোনো কাজ, পকেটে নেই অর্থ। ফলে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। আগে যে রাস্তাগুলো আলোকসজ্জায় ঝলমল করত এবং শিশুদের কলকাকলিতে মুখর থাকত, সেখানে এখন কেবলই হাহাকার। গাজার এক বাসিন্দা জানান, স্বজন হারানোর বেদনা আর ক্ষুধার তাড়নায় এবারের রমজান তাদের কাছে কেবলই একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। অনেকের ঘরে ইফতার করার মতো নুন্যতম খাবারটুকুও নেই।

তবে এই চরম দুঃসময়ের মাঝেও আশার প্রদীপ জ্বালাতে চাইছেন কেউ কেউ। জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার এক ক্ষুদ্র প্রচেষ্টায় মেতেছেন দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দারা। সেখানকার ধ্বংস হয়ে যাওয়া একটি দেয়ালে শিল্পী হানি দাহমান আরবি হরফে বড় করে লিখেছেন ‘রমজান মোবারক’। বিধ্বস্ত বাড়ির আঙিনায় ছোট ছোট বাতি জ্বালিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন অনেকে। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়েও ফিলিস্তিনিদের এই ক্ষুদ্র উদযাপন যেন বিশ্ববাসীকে তাদের অদম্য মনোবল আর বিশ্বাসের কথাই মনে করিয়ে দিচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222