শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে সড়ক দখলমুক্ত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যবসায়ীদের বাধার মুখে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান উপলক্ষে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে প্রধান সড়কের দুই পাশ দখল করে রাখা মালামাল সরাতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
মালামাল জব্দের সময় কিছু ব্যবসায়ী বাধা দেন। পরে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং অভিযান স্থগিতের অনুরোধ জানান। একপর্যায়ে উত্তেজনা বাড়লে আদালতের কার্যক্রম বন্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, মোবাইল কোর্টের নামে তাদের দোকানের মালামাল জব্দ করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের দিয়ে দোকানে প্রবেশ করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, পূর্বেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল।
নালিতাবাড়ী থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এমএআর/
