ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান-এর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া বেসামরিক নাগরিকদের ওপর পড়বে না; বরং “প্রকৃত দায়ী” পাকিস্তানি সেনারাই পাল্টা জবাবের লক্ষ্যবস্তু হবে।
হুরিয়াত রেডিও-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনমতের দৃষ্টি ভিন্নখাতে নিতে আফগান ভূখণ্ডে হামলার পথ বেছে নেয়। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
রাষ্ট্রদূত তলব ও কূটনৈতিক প্রতিবাদ
সাম্প্রতিক হামলার পর কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান আকাশসীমা রক্ষা করা ইমারাতে ইসলামিয়ার ওপর অর্পিত দায়িত্ব। বিবৃতিতে আরও সতর্ক করা হয়, যেসব পদক্ষেপকে “উসকানিমূলক” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তার পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, সাম্প্রতিক হামলার “উপযুক্ত ও সুচিন্তিত” জবাব দেওয়া হবে। তবে জবাবের ধরন বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সীমান্ত প্রদেশে বিমান হামলা
উল্লেখ্য, গতকাল পাকিস্তানি বাহিনী পাকতিকা প্রদেশ ও নানগারহার প্রদেশ-এর একাধিক স্থানে বিমান হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
হাআমা/
