মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাল খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় কৃষক সহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি দেখে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে; কেউ কেউ মনে করেন এটি বোমা, লঞ্চার বা মাইন জাতীয় কিছু হতে পারে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে। পরে পুলিশ স্থানটি চিহ্নিত করে ঘিরে রাখে। মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করছে।
ওয়াহিদুজ্জামান রাজু জানান, সকালে ড্রেন খননের সময় স্থানীয় এক ব্যক্তি মাটির নিচে ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এটিকে মর্টার শেলের অংশ হিসেবে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার স্বার্থে এলাকায় ঘেরাও ব্যবস্থা নেয়। পরে সিলেট থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করে।
এমএআর/
