বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি-র তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলের সময় তিনজনকে সন্দেহজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত এলাকা থেকে বিজিবি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
টিএইচএ/
