ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে ভয়াবহ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির ডরচেহ শহরের একটি ব্যস্ত ফলের বাজারে উড্ডয়নরত অবস্থায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীদের মতে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকাশযানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকার ওপর আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলীতে পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন দমকল বাহিনী ও জরুরি সেবাকর্মীরা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাইলট ও কো-পাইলটসহ ঘটনাস্থলে থাকা দুই ফল বিক্রেতা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পরপরই পুরো এলাকাটি ঘিরে ফেলা হয় এবং ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। জনবহুল এলাকায় এই আছড়ে পড়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
টিএইচএ/
