নড়াইলে বহুল আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতে তাদের হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হন। ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে র্যাব, ডিবি ও পুলিশ ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে র্যাব একজন, ডিবি-১ একজন এবং পুলিশ চারজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তারাপুর গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬), তৈয়ব সিকদারের ছেলে লাজুক সিকদার (৩০), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০), আমিন সিকদারের ছেলে রনি শিকদার (২৯), বড়োকুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০) এবং খড়রিয়া গ্রামের তোজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএআর/
