কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন ওই গ্রামের বয়লার মুরগি ব্যবসায়ী নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে যান। সেখানে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এমএআর/
