বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পোড়া তেল ব্যবহার ও অনুমোদনহীন রাসায়নিক রং প্রয়োগের প্রমাণও পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের আটাপাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য বগুড়া অফিসার মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ডো প্রস্তুত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার, ডালডা গলানো এবং পোড়া তেল দিয়ে সেমাই তৈরির মতো গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
যৌথ অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশ।
এমএআর/
