আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন।
আজ শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, তাদের হামলায় আফগান বাহিনীর ২২৮ জন সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও ৩১৪ জন আহত হয়েছেন। এছাড়া পাকিস্তানি বাহিনীর অভিযানে সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও ১৮টি চৌকি পাকিস্তানি সেনারা নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে পাকিস্তানের এই প্রাণহানির দাবি নাকচ করে দিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের বিমান হামলায় এখন পর্যন্ত তাদের মাত্র আটজন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। দুই দেশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসলেও সীমান্তে যে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে তা স্পষ্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ি , আজ শুক্রবার দুপুর পর্যন্ত সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। পাকিস্তান একাধারে বিমান হামলা চালাচ্ছে এবং পাল্টা জবাব হিসেবে আফগানিস্তানের ভেতর থেকেও আক্রমণ চালানো হচ্ছে।
রণক্ষেত্রে পরিণত হওয়া সীমান্ত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত রয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মীরা। কামাল হায়দার উল্লেখ করেছেন, সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান সরকার ও সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে তাদের এই পাল্টা হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক উত্তেজনার জেরে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
টিএইচএ/
