আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।
বিশেষ করে যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবারের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, তাদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কার্যাবলি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে জনপ্রতিনিধিদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে নিবিড় জ্ঞান দান করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। গত নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের একটি বড় অংশই এবার নতুন মুখ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন ও নীতিমালার কার্যকর প্রয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কৌশলগুলোও এই কর্মশালার মূল আলোচনার বিষয় হিসেবে স্থান পেয়েছে।
হাআমা/
