আফগানিস্তানের গজনী প্রদেশে পরিত্যক্ত ল্যান্ডমাইন বিস্ফোরণে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, একটি গ্রামে পরিত্যক্ত ল্যান্ডমাইন নিয়ে খেলার সময় এই বিস্ফোরণ ঘটে। তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিহত শিশুদের মরদেহ শনাক্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত শিশুরা অবিস্ফোরিত এই যুদ্ধাস্ত্রটি চিনতে না পেরে নাড়াচাড়া করার সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আফগানিস্তানে ল্যান্ডমাইন এবং যুদ্ধের অবশিষ্টাংশ হিসেবে রয়ে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে অন্তত ৫৬৪ জন প্রাণ হারিয়েছেন। উদ্বেগজনক বিষয় হলো, এই হতাহতদের মধ্যে ৪৩৪ জনই শিশু, যারা খেলার ছলে বা অজ্ঞতাবশত এসব বিস্ফোরকের সংস্পর্শে এসে প্রাণ হারাচ্ছে।
তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল
টিএইচএ/
