বশির আহম্মদ মোল্লা: রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল উৎপাদন বিষয়ক প্রদর্শনী ‘এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’।
রোববার (২৯ মার্চ) সকালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়। দেশি-বিদেশি ওষুধ শিল্পের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের অপার সম্ভাবনার বার্তা দিচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অত্যন্ত শক্ত অবস্থান তৈরি করেছে। আধুনিক প্রযুক্তি ও গবেষণার যথাযথ প্রয়োগের মাধ্যমে এই খাতকে আরও বহুদূর এগিয়ে নিতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম হায়দার এবং ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন এবং ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেন আরিফসহ শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে দেশি-বিদেশি কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে। এবারের প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল উৎপাদন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত অত্যাধুনিক সেবা প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজকরা জানিয়েছেন, কয়েকদিনব্যাপী চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা দেশের ওষুধ শিল্পে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
টিএইচএ/
