লেবাননের দক্ষিণ সীমান্তসংলগ্ন আইনাতা অভিমুখে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান সফলভাবে নস্যাৎ করে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।
বুধবার (১ এপ্রিল) ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের (হিজবুল্লাহ) অপারেশন রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই বীরত্বপূর্ণ লড়াইয়ের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, অন্তত ২৫টি সাঁজোয়া যান নিয়ে বিনত জাবাইল শহর দখলের উদ্দেশ্যে চালানো ইসরায়েলি বাহিনীর ওই অগ্রযাত্রাকে প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য করা হয়েছে।
হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, গত ২৮ মার্চ রাত থেকেই ইসরায়েলি বাহিনী আল-মালিকিয়া সীমান্ত বসতি থেকে বিনত জাবাইল এলাকা নিয়ন্ত্রণের লক্ষ্যে সেনা সমাবেশ শুরু করে। ২৯ মার্চ রবিবার ভোরে ইসরায়েলের ৪০১ ও গিভাতি ব্রিগেডের একটি সম্মিলিত বাহিনী ২৫টি সাঁজোয়া যানসহ আইনাতা শহরের উত্তর-পূর্ব দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই ওত পেতে ছিল এবং রাত দেড়টার দিকে গাধমাতা উচ্চভূমিতে পৌঁছানো মাত্রই একটি ‘শাওয়াত ইএফপি’ মাইনের সাহায্যে একটি মেরকাভা ট্যাংক ও একটি ডি-নাইন বুলডোজার ধ্বংস করে দেয়। এতে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা থমকে যায় এবং তারা বিকল্প পথে এগোনোর চেষ্টা করলে সেখানেও যোদ্ধাদের প্রবল বাধার মুখে পড়ে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত সোমবার (৩০ মার্চ) আইনাতা শহরের ভেতরে দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন দফা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা গাইড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে আরও একটি মেরকাভা ট্যাংক লক্ষ্যবস্তু বানায়। এছাড়া সন্ধ্যা পৌনে ৮টার দিকে আইনাতার আল-ফ্রিজ পাহাড়ের কাছে ইসরায়েলি বাহিনীর একটি কমান্ড পোস্টে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পুরো লড়াই চলাকালীন হিজবুল্লাহর গোলন্দাজ ইউনিট দখলদার বাহিনীর জমায়েত লক্ষ্য করে ১৫ বারেরও বেশি গোলাবর্ষণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
তথ্যসূত্র: Al-Manar English Website
টিএইচএ/
