রাজধানীতে ডিএমপির বড় উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করায় পথচারীদের স্বস্তি

by Abid

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযানের শেষ দিনে আজ রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য দোকানপাট, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও চায়ের স্টল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাতে অবৈধভাবে বসানো ফলের দোকান সরানোসহ যত্রতত্র পার্ক করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযান চলাকালীন উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনার আসবাবপত্র ও মালামাল জব্দ করা হয় এবং দীর্ঘদিনের দখলকৃত জায়গাগুলো পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, নগরবাসীকে যানজটমুক্ত সড়ক ও দখলমুক্ত ফুটপাত উপহার দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, রাজধানীর সড়ক ও ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে এ ধরনের সমন্বিত ও বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান আরও উল্লেখ করেন, উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলো যেন পুনরায় গড়ে উঠতে না পারে, সেদিকে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও তদারকি বাড়ানো হবে। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন। ট্রাফিক বিভাগের এই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222