১৪ এপ্রিলের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালুর আল্টিমেটাম আলেম সমাজের

by Abid

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বন্ধ রাখার অভিযোগে গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ আলেম সমাজ।

আজ রোববার (৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত ‘শহীদ পরিবারের আর্তনাদ ও সংবাদ সম্মেলনে’ বক্তারা এই দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে বক্তারা সরাসরি অভিযোগ করে বলেন, জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি এবং যুবলীগ-সম্পৃক্ত সচিব আলাউদ্দিনের কারণে এই জাদুঘর চালুর প্রক্রিয়া থমকে আছে। একজন আসামির হাতে শহীদদের শেষ স্মৃতির ভবিষ্যৎ জিম্মি হয়ে থাকা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক বলে তারা অভিহিত করেন।

আলেম সমাজের প্রতিনিধিরা বলেন, এই জাদুঘরটি কেবল একটি সাধারণ ভবন নয়, এটি হাজারো শহীদের আত্মত্যাগের স্মারক এবং তাদের পরিবারের আবেগ ও বিশ্বাসের জায়গা। শহীদ পরিবারগুলো তাদের প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্নগুলো প্রশাসনের ওপর আস্থা রেখে এখানে জমা দিয়েছিল, কিন্তু সেই স্মৃতিকে এখন অন্ধকারে বন্দি করে রাখা হয়েছে। এটি শহীদদের প্রতি চরম অবমাননা এবং তাদের পরিবারগুলোর সঙ্গে এক ধরনের নির্মম উপহাস।

বক্তারা আরও উল্লেখ করেন, জুলাই জাদুঘরটি কেবল সাম্প্রতিক গণঅভ্যুত্থানের স্মৃতি নয়, বরং বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের চালানো নারকীয় গণহত্যাসহ গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের ভয়াবহ সব চিত্র ধারণ করে নির্মিত হয়েছে। তারা অভিযোগ করেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের চরম উদাসীনতা ও অনীহার কারণেই জাদুঘরটি চালু হচ্ছে না। বর্তমান সংস্কৃতিমন্ত্রী দেশের নিজস্ব সংগ্রামের ইতিহাসকে গুরুত্ব না দিয়ে বিদেশি সংস্কৃতি আমদানিতে বেশি আগ্রহী বলে তারা দাবি করেন, যা জাতির আত্মপরিচয়ের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্ভুক্তিমূলক ও জাতীয় সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছিল, সেটিকে ধ্বংস করে পুরনো দলীয় সংস্কৃতি ফিরিয়ে আনার গভীর ষড়যন্ত্র চলছে। আলেম সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে যদি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়া না হয়, তবে শহীদ পরিবারগুলোকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর ও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ভার সরকারকে বহন করতে হবে বলে তারা আল্টিমেটাম প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222