চীনের কাবুলে নিযুক্ত রাষ্ট্রদূত ঝাও শিং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে জানিয়েছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরিতে চীন কাজ করছে। তিনি বলেন, নিরপেক্ষতা ও সহযোগিতার ভিত্তিতে চীন এ বিষয়ে আলোচনা শুরু করেছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় এ খবর জানায় আরিয়ানা নিউজ।
আরিয়ানা জানায়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে চলমান সংলাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, চীনের উরুমকি শহরে সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঝাও শিং আরও বলেন, আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আস্থা, সদিচ্ছা এবং উত্তেজনামুক্ত সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক এবং বিদ্যমান সহযোগিতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। উরুমকি সংলাপ আয়োজন ও সহায়তার জন্য তিনি চীনা পক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতামূলক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
মুত্তাকি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে এ পর্যন্ত ভালো আলোচনা হয়েছে এবং ব্যাখ্যার ক্ষেত্রে সামান্য মতপার্থক্য যেন আলোচনার অগ্রযাত্রায় বাধা না দেয়, এমন আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, উত্তেজনা নিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অবস্থান সবসময় আত্মরক্ষামূলক এবং নিজেদের ভূখণ্ড সুরক্ষা করা তাদের বৈধ অধিকার। পাশাপাশি পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সংলাপ ও সমঝোতার পথ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
হাআমা/
