বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চলতি মাসের ১৬ তারিখ চীন সফরে যাচ্ছেন বিশ সদস্যের প্রতিনিধি দল। এর মধ্যে বেশ কয়েকজন সরকার দলীয় এমপিও রয়েছেন। ইতোমধ্যে বিএনপির অফিশিয়াল প্যাডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নামের তালিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের কাছে পাঠিয়েছেন।
চীন সফরে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন ও বেবী নাজনীন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিব-উন-নবী খান সোহেল, দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বলও মো. মুস্তাফিজুর রহমান বাবুল এমপি।
তালিকায় আরও আছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান এমপি, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম মহাসচিব কামাল আনোয়ার আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর এপিএস মো. ইউনুস আলী ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মঈন খানের নেতৃত্ব ২২ সদস্যের একটি প্রতিনিধিদল সেদেশ সফর করেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
একই বছরের ২১ জুন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফরে করে আসে। তখনও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তখন প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন (স্বপন), ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ (পাভেল)।
হাআমা/
