চীনে দেশের শীর্ষ ছাত্র নেতৃত্বের পদচারণায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদলকে উৎসবমুখর ও জমকালো এক নাগরিক সংবর্ধনা দিয়েছেন চীনের প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সাংহাইয়ের স্থানীয় একটি হোটেলে চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অরাজনৈতিক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংহাই ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহরে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক, পেশাজীবী, ব্যবসায়ী এবং চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা ডাকসু প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন। এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিনিধিদলকে বিশেষ ক্রেস্ট, স্মারক উপহার ও সম্মাননা দেওয়া হয়।
ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠান সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. রেদওয়ানুল হক, মো. হুজ্জাতুল্লাহ, মো. মিল্টন, আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম শাওন, মো. মুহাইমিনুল ইসলাম এবং এ বি সিদ্দিকসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক যোগাযোগ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের আবহে আয়োজিত এ অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা, যুবসম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করছে। পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখছেন তারা।
এনআর/
