দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার : জ্বালানি মন্ত্রী

by Masudul Kadir

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচিত সরকার হিসেবে বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা সরকার গঠন করেছি। এটি বিনিয়োগকারীদের জন্য একটি বড় আস্থার জায়গা। আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি। বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তারা বাংলাদেশকে আস্থার জায়গা হিসেবে দেখছে। সরকার সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা খুবই ট্রান্সপারেন্ট। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নেব না, এ প্রতিশ্রুতি আমরা আগেই জানিয়েছি।

আজ রবিবার ২৪ মেসচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’ এবং বিডিং রাউন্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ভবিষ্যতের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কী হবে, সেটি একমাত্র আল্লাহই জানেন। তবে অনেক বড় বড় কোম্পানি ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বিশেষ করে আমেরিকান ও চীনা কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। আমি আশা করি, অতীতে যা হয়েছে, এবার তা হবে না। দেশের আইন-কানুন ও জাতীয় স্বার্থ সুরক্ষার মাধ্যমে যোগ্য কোম্পানির কাছে ব্লক হস্তান্তর করা হবে।

তিনি বলেন, দেশের নিজস্ব জ্বালানি সম্পদ মাটির নিচে রেখেই দীর্ঘদিন আমদানিনির্ভর জ্বালানির দিকে ঝুঁকে পড়ায় অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে যে বিডিং রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় বিদেশি কোম্পানিগুলোকে যুক্ত করা হয়েছিল। বর্তমানে দেশে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, তার বড় একটি অংশ সেই সময় বিডিং রাউন্ডে অংশ নেওয়া কোম্পানিগুলোর আবিষ্কৃত ক্ষেত্র থেকেই আসছে। এরপর আর নতুন করে বড় কোনো আন্তর্জাতিক বিডিং রাউন্ড আয়োজন করা হয়নি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সমুদ্রসীমা বিজয়ের পর সমুদ্রের নিচে বিপুল সম্পদের সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবে অনুসন্ধান ও উত্তোলনের কার্যক্রমে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে প্রতিবেশী দেশগুলো একই সমুদ্র এলাকায় গ্যাস উত্তোলন করে রফতানিও করছে, অথচ বাংলাদেশ এখনো সমুদ্রের নিচে কী পরিমাণ সম্পদ রয়েছে, তা নিশ্চিতভাবে জানতে পারেনি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222