২০২৬ সালের হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণ, অননুমোদিত প্রবেশ রোধ ও আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন ও উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। শুক্রবার (২৪ মে) সৌদি সংবাদপত্র ‘ওকাজ’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তিগুলো একটি সমন্বিত নিরাপত্তা ও সাংগঠনিক ব্যবস্থার অংশ, যার মূল লক্ষ্য লাখ লাখ হাজির নিরাপত্তা ও পরিচর্যা নিশ্চিত করা।
‘পারমিট ছাড়া হজ নয়’ এই স্লোগানের অধীনে পবিত্র স্থানগুলোতে অবৈধ প্রবেশ ঠেকাতে ড্রোনের পাশাপাশি ফিক্সড-উইং বিমান ব্যবহার করছে কর্তৃপক্ষ, যা নিয়ম লঙ্ঘনকারীদের ট্র্যাক ও শনাক্ত করতে সহায়তা করে। ড্রোনগুলো নিরাপত্তা বাহিনীকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সাহায্য করে, ফলে মাঠপর্যায়ে সন্দেহজনক গতিবিধি ও অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে তাৎক্ষণিক সতর্কতা পাওয়া যায়।
এই ব্যবস্থার মধ্যে স্মার্ট নজরদারি নেটওয়ার্ক, উচ্চ-রেজোলিউশনের ক্যামেরা এবং থার্মাল ইমেজিং ডিভাইসও অন্তর্ভুক্ত রয়েছে। কর্তৃপক্ষ ভিড় হওয়ার আগেই তা অনুমান করতে এআই চালিত ‘ক্রাউড অ্যানালাইসিস’ (জনসমাগম বিশ্লেষণ) পদ্ধতির ওপর নির্ভর করছে। এর মাধ্যমে অতিরিক্ত ভিড় থাকা পথ থেকে হাজিদের অন্য পথে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া নিরাপত্তা জোরদার ও ব্যক্তিদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন (মুখাবয়ব শনাক্তকরণ) প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, ইসলামের পঞ্চম স্তম্ভ হজ এ বছর ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। সামর্থ্যবান প্রতিটি মুসলিমের জীবনে অন্তত একবার এই ধর্মীয় আচার পালন করা ফরজ।
