পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, ইহরাম পরে মিনার পথে হাজিরা

by Masudul Kadir

সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে আজ ইহরাম পরে মিনার উদ্দেশে যাত্রা করেছেন হাজিরা।

রোববার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মক্কায় বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো অন্য দেশের মতো বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন
banner

হজ করতে আগ্রহীদের মিনার উদ্দেশে যাত্রা করার মাধ্যমে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। সামর্থ্য রয়েছে এমন নারী বা পুরুষের জীবনে একবার হজ পালন অবশ্যকরণীয়।

শরিয়তের বিধান অনুসারে হাজিরা ৮ জিলহজ (সোমবার) মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তাঁরা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

হাজিরা ৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পর দিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন এবং শুধু বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন (ন্যাড়া) কিংবা চুল ছোট করবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা।

এ বছর বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন। বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222