এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)
দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
রোববার (২৪ মে) সকালে জামালপুর পৌর শহরের নতুন বাইপাস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অবরোধে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
জামালপুর পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহপুর ও বিসিক এলাকার বাসিন্দাদের ব্যানারে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন।
ভুক্তভোগীরা জানান, টানা ১৯ বছরের জলাবদ্ধতায় শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় এসব জমিতে ধান ও মাছ চাষ হলেও বর্তমানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। পাশাপাশি দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘদিনেও কার্যকর কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
পরে জামালপুর পৌরসভার কর্মকর্তারা দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, “জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনা ও আশ্বাসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
এনআর/
