বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে পারব—বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে।’
লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সেই ভবনের ছাদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি—নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।’
তারেক রহমান বলেন, ‘টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, এটি আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক।’
দেশের জলবায়ু সংকট ও জ্বালানি চাহিদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং বিদ্যুতের চাহিদাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।’
এনআর/
