তুরস্ক-চীন-ইরান ও সৌদিকে যুক্ত করবে আফগানিস্তানের নতুন রেলপথ

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দেশটির অন্যতম মেগা অবকাঠামো প্রকল্প ‘হেরাত মাজার-ই-শরিফে’ রেলপথ নির্মাণ কাজ এখন পরিকল্পনা ছাড়িয়ে চূড়ান্ত অর্থায়নের পর্যায়ে প্রবেশ করেছে। ৬৫৭ কিলোমিটার দীর্ঘ এই স্বপ্নের রেলপথটি নির্মিত হলে আফগানিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে তুরস্ক, চীন, ইরান এবং এমনকি মধ্যপ্রাচ্যের পরাশক্তি সৌদি আরবের।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (আফগানিস্তান ব্যাংক) সম্প্রতি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাণিজ্যিক ও বেসরকারি ব্যাংকগুলো এই মেগা প্রকল্পের জন্য প্রায় ৫৫ বিলিয়ন আফগানি অর্থায়ন করতে সম্পূর্ণ প্রস্তুত।

বিজ্ঞাপন
banner

বিশ্ববাজারে আফগানিস্তানের নতুন দুয়ার

অর্থনৈতিক বিশ্লেষক আবদুল গাফফার নিজামী এই প্রকল্পের সুদূরপ্রসারী সম্ভাবনা তুলে ধরে বলেন, এই রেলপথটি নির্মাণের ফলে তুরস্ক, চীন, ইরান এবং সৌদি আরব সরাসরি আফগানিস্তানের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আফগানিস্তান বিশ্ববাজারে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এই রুটের মাধ্যমে পণ্য পরিবহন যেমন সহজ হবে, তেমনি প্রতি বছর দেশ বিপুল পরিমাণ ট্রানজিট রাজস্ব আয় করতে সক্ষম হবে।’

প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় ও আন্তর্জাতিক উভয় উৎস থেকেই তহবিল সংগ্রহের জোরালো তৎপরতা চলছে। আফগানিস্তান ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী জানান, দেশের বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিরা এই জাতীয় প্রকল্পে বিনিয়োগ করাকে তাদের দায়িত্ব ও গর্বের বিষয় বলে মনে করছেন এবং তারা অর্থায়নের চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ইরান সফর করেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশিনাস জানান, ‘ইরান সরকারের সাথে ৬৫৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কারিগরি মানদণ্ড, ব্যয় এবং বাস্তবায়নের বিভিন্ন ধাপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রকল্পটিতে আফগান ও ইরানি কোম্পানিগুলোর যৌথ অংশগ্রহণের বিষয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।’

উল্লেখ্য, এই বিশাল রেলপথটি আফগানিস্তানের হেরাত, بادগিস, ফারিয়াব, জওজান এবং বলখ প্রদেশকে পরস্পরের সাথে সংযুক্ত করে মাজার-ই-শরিফ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এর আগে উজবেকিস্তানের বিশেষজ্ঞরা এই প্রকল্পের প্রাথমিক জরিপ সম্পন্ন করেছিলেন। বর্তমানে ইরান ও তুরস্কও এই রেললাইনের অবকাঠামোগত উন্নয়নে সরাসরি যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সম্পন্ন হলে আফগানিস্তান কেবল একটি স্থলবেষ্টিত দেশ হিসেবে থাকবে না, বরং এটি এশিয়ার বাণিজ্যের অন্যতম প্রধান ‘ট্রানজিট চৌরাস্তায়’ পরিণত হবে।সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

অনুবাদ: সাবিত ফারাবী

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222