৩৬ নিউজ প্রতিবেদক :: নতুন হিজরি বছরের সূচনালগ্নে পবিত্র কাবার গায়ে পরানো হলো নতুন কিসওয়া। মঙ্গলবার ভোরে মসজিদুল হারামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস।
কাবার গায়ে নতুন গিলাফ পরানো হলো।কিং আবদুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগররা দীর্ঘ প্রক্রিয়ায় এই কিসওয়া তৈরি করেছেন। ১০ ধাপের বিশেষ পদ্ধতিতে পুরোনো গিলাফ সরিয়ে কাবার চার পাশে নতুন গিলাফ স্থাপন করা হয়। এরপর সুনিপুণভাবে তা কাবার ছাদ ও কোণার সঙ্গে সংযুক্ত করা হয়। অত্যন্ত সূক্ষ্ম ও সময়সাপেক্ষ এই কাজ।কিসওয়ায় রয়েছে ৫৩টি স্বর্ণখচিত অলংকার।
প্রতি বছর কয়েক মাস আগে থেকে এর প্রস্তুতি শুরু হয়। প্রাকৃতিক রেশমের কাপড়ে সোনালি ও রুপালি সুতা ব্যবহার করে কোরআনের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ইসলামি ঐতিহ্যের ধারাবাহিকতা ও পবিত্র কাবার মর্যাদা রক্ষা করা হয়।প্রতি বছরের মতো এবারও মহররমের প্রথম দিনে নতুন সাজে বরণ করে নেওয়া হলো নতুন হিজরি বছরকে। কাবার চারপাশ জুড়ে এখন নতুন কিসওয়ার আলোকচ্ছটা।
