ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে আরাফ (৭) নামে এক শিশু’র মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার গারবগাতী গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফ ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গারবগাতী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে শিশু আরাফ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার (১৭ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুরে আরাফের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, আরাফের বাবা আলমগীর হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ অফিস সহকারী হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তিনি পরিবারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে আরাফের মা সন্তানদের রেখে ১০/১২ দিন আগে বাবার বাড়িতে চলে যান। অন্যদিকে চাকরির ব্যস্ততার কারণে আলমগীর হোসেন সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারতেন না। পরে তিনি ছেলে আরাফকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রেখে যান। সেখানেই অবস্থানকালে শিশুটি নিখোঁজ হয় এবং একদিন পর বাড়ীর পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
