ইসলাম ডেস্ক :: আশুরাকে কেন্দ্র করে মুসলমানদের ইসলামি স্বাতন্ত্র্যবোধ, আত্মপরিচয় ও অন্ধ অনুকরণের ক্ষতিকর দিক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ইসলামের স্বাতন্ত্র্যবোধ মহানবী হজরত মুহাম্মাদ (স.)-এর মধ্যে এতটাই গভীর ছিল যে ইবাদতের ক্ষেত্রেও যেন ইহুদিদের অনুকরণ না হয়, সেজন্য তিনি সাহাবিদের আশুরার সঙ্গে আরও একটি দিন মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশনা দিয়েছিলেন।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, নবীজির অনুসারী হওয়ার দাবি করলেও বর্তমান সময়ে অনেক মুসলমান জীবনের নানা ক্ষেত্রে অন্যদের অন্ধ অনুকরণে অভ্যস্ত হয়ে পড়েছে। তাঁর ভাষায়, জাগতিক সাধারণ বিষয় থেকে শুরু করে জীবনবোধ, সংস্কৃতি, মূল্যবোধ এবং এমনকি বিভিন্ন পাপাচারেও অনেকেই অন্ধভাবে অন্যদের অনুসরণ করছে। শুধু তাই নয়, কখনো কখনো এ অনুকরণকে গর্বের বিষয় হিসেবেও দেখা হচ্ছে।
আরও পড়ুন: হিল্লা বিয়ে আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ: শায়খ আহমাদুল্লাহ
এ প্রসঙ্গে তিনি মহানবীর (স.) একটি বিখ্যাত হাদিসের কথা স্মরণ করিয়ে দেন। হাদিসে এসেছে, ‘তোমরা প্রতি বিঘতে ও প্রতি গজে পূর্ববর্তীদের অনুকরণ করবে। এমনকি তারা গুইসাপের গর্তে প্রবেশ করলে তোমরাও সেখানে প্রবেশ করবে।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ‘তারা কি ইহুদি ও খ্রিস্টান?’ তখন নবীজি (স.) বলেছিলেন, ‘তবে আর কারা?’ (সহিহ বুখারি: ৩৪৫৬)
শায়খ আহমাদুল্লাহ বলেন, এটি কোনো প্রশংসাসূচক বক্তব্য নয়; বরং মুসলিম উম্মাহর জন্য একটি সতর্কবার্তা এবং ভবিষ্যৎ সম্পর্কে মহানবীর (স.) গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী।
পোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ মুসলিম উম্মাহকে ইসলামি আত্মপরিচয় ও স্বাতন্ত্র্যবোধ পুনরুদ্ধারের আহ্বান জানান। তিনি বলেন, যুগের স্রোতে ভেসে গিয়ে নিজেকে পরিবর্তন না করে বরং ইসলামি আদর্শের মাধ্যমে সমাজ ও সময়কে ইতিবাচকভাবে বদলানোর চেষ্টা করতে হবে। মহানবী (স.) যেভাবে মক্কার জাহেলি সমাজের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, সেই চেতনা ধারণ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, ‘এই আশুরা থেকেই শুরু হোক উম্মাহর হারিয়ে যাওয়া গৌরব ও আত্মপরিচয় ফিরিয়ে আনার এক নতুন লড়াই।’
চেয়ারম্যান : আসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ
