বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, “যেভাবে ১৯৭১ ও ১৯২৪ সালের শহীদদের পরিবারের জন্য সরকারীভাবে ভাতা প্রদান করা হয়, ঠিক তেমনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের পরিবারগুলোর জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়মিত ভাতা দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, শাপলার শহীদদের অবিনাশী চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে এবং দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন ত্যাগ করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে।
২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম” গঠন করা হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩:৩০ মিনিটে রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে ফোরামের নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক। এছাড়াও শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে অন্যান্য শহীদ পরিবারকেও এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে এবং নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “শহীদ পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ ভবিষ্যতেও শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকবে এবং এই কার্যক্রম আরও শক্তিশালীভাবে চলবে।”
হাআমা/
