আতাউল্লাহ নাবহান মামদুহ >>
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রয়ি সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তারা হলেন দলটির নেতার ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি এবং দুই ভাগিনা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট (মিয়ামি হোটেল) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, স্টার লাইন পরিবহনের একটি বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন এবং তাঁদের গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার প্রার্থনা জানান।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নেতৃদ্বয়।
এদিকে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব এবং মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “পরপর দুর্ঘটনার সংবাদ আমাদেরকে গভীরভাবে শোকাতুর করে তুলছে। আল্লাহ তা’আলা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও আপনজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
তিনি আরও বলেন, “হে আল্লাহ! তুমি পুরো পরিবারসহ সকল আলেম সমাজকে এই শোক সইবার শক্তি দান করো। আমীন।”
হাআমা/
