ওয়াকফ সম্পদের ভাড়া পুনঃনির্ধারণ করা হবে: ধর্মমন্ত্রী

by Abid

৩৬ নিউজ ডেস্ক : দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং বর্তমান বাজার দর অনুযায়ী এগুলোর ভাড়া পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ওয়াকফ সম্পত্তির দীর্ঘদিনের লুটপাট বন্ধ করে জনকল্যাণমূলক কাজে এই সম্পদ ব্যবহার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
banner

ধর্মমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার ফলে অনেক সম্পত্তি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ওয়াকফ ফি লিল্লাহ সম্পত্তি রয়েছে, যা দীর্ঘদিন ধরে অসাধু চক্রের কবলে পড়ে লুটপাটের শিকার হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, যে উদ্দেশ্যে দাতা এই সম্পদ ওয়াকফ করেছেন, তা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আগামী তিন মাসের মধ্যেই ওয়াকফ ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৬ লাখ ১৪ হাজার একরের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে ২ লাখ ১২ হাজার একরের বেশি রয়েছে ‘ওয়াকফ আলাল আওলাদ’ বা পারিবারিক ওয়াকফ এবং ৩ লাখ ৭৭ হাজার একরের বেশি রয়েছে ‘ওয়াকফ ফি লিল্লাহ’ বা জনকল্যাণমূলক ওয়াকফ সম্পত্তি। এই বিশাল ভূ-সম্পত্তি থেকে সঠিকভাবে ভাড়া ও রাজস্ব আদায় করা গেলে তা দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

সচিবালয়ে আলাপকালে এবারের হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক তদারকি ও মন্ত্রণালয়ের সচেতনতার কারণে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনা শতভাগ সফল হয়েছে। সৌদি সরকারও বাংলাদেশের হজযাত্রীদের সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। হজ কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222