শেরপুরের নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী ৩ জনকে পাওয়া গেছে

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া পাঁচ মাদরাসা শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বিজ্ঞাপন
banner

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)। তারা সবাই পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাদরাসা থেকে একসঙ্গে নিখোঁজ হয় তিন শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তাদের সন্ধান না পাওয়ায় সোমবার শিক্ষার্থীদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি হওয়ার পরপরই শিক্ষার্থীদের উদ্ধারে তৎপর হয় পুলিশ। নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অনুসন্ধান কার্যক্রম চালায়। একপর্যায়ে সন্ধ্যার পর উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকায় তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী সুস্থ রয়েছে এবং বর্তমানে পরিবারের হেফাজতে আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং ওসি আশরাফুজ্জামান তিন শিক্ষার্থী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নালিতাবাড়ীতে গত ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। সর্বশেষ নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হলেও এর আগে নিখোঁজ হওয়া অপর দুই শিক্ষার্থীর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222