মাওলানা কারী আবু রায়হানের ওপর হামলার তীব্র নিন্দা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার

by hsnalmahmud@gmail.com

৩৬নিউজ ডেস্ক:: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন এবং লালবাগ জামিয়ার প্রবীণ উসতায উসতাযুল কুররা মাওলানা কারী আবু রায়হানের ওপর এক ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

হামলায় কারী আবু রায়হান গুরুতর আহত হয়েছেন এবং তাঁর একটি রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৩ জুন ) এক বিবৃতিতে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এই উদ্বেগ প্রকাশ করেন।

ভক্তভোগী মাওলানা কারী আবু রায়হানের পরিবারের অভিযোগ, মুশারফ ও আলম নামের দুই ব্যক্তি সরাসরি এই হামলা চালিয়েছে। পরিবারের আরও দাবি, অভিযুক্তরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি স্থানীয় জামায়াত-সমর্থিত সংসদ সদস্যকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিবৃতিতে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, মাওলানা ক্বারী আবু রায়হান সাহেব লালবাগ মাদরাসায় দীর্ঘদিন ধরে কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মতো একজন সম্মানিত আলেমের ওপর হামলার ঘটনা দেশবাসীকে ব্যথিত করেছে এবং ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে আদর্শিক বা ব্যক্তিগত মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই সহিংসতা ও হামলা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222