নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তবে ১৯ বছর বয়সী মরিয়মের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ডিসি ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আলামত সংগ্রহ ও স্থান সুরক্ষার জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্ত্রীর লাশ উদ্ধারের একই দিনে দুপুরে একটি ফৌজদারি মামলায় আদালতে জামিননামা দাখিল করেন এমপি গাজী নজরুল ইসলাম। রাজধানীর পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর এদিন তিনি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন।
উল্লেখ্য, ব্যক্তিগত গাড়িচালকের সঙ্গে বিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই পল্লবী থানায় এমপি গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গাজী নজরুলের সাথে বাদী ওবায়দুর রহমানের ভাগ্নির সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কিছু গোপন ভিডিও ফাঁসের জেরে গত ১৪ জুলাই ওবায়দুরকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার দিনই এমপি ভবনের নিজ ফ্ল্যাট থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি ঘটল।
