ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার সময় আটক হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। আটকের পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে চাঞ্চল্যকর এক দাবি করেছেন তিনি। রাহুল গান্ধীর দাবি, তাকে বাসে তোলার সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে তার কানে কানে বলেছিলেন, এই মোদি সরকারের পতন ঘটাতে।
বুধবার (২২ জুলাই) নিজের আটক হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ কথা জানান। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাকে আটক করে একটি বাসে তুলে নিয়ে যায়।
আটকের পরবর্তী প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা বহুদিন ধরেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং এই বিশাল শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে তিনি একজন অযোগ্য ব্যক্তি। তাই তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত।
একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সার্বিক চিত্র তুলে ধরে ভারতের বিরোধীদলীয় নেতা বলেন, গত এক যুগে দেশটিতে অন্তত ১৫২ বার নানা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যা হিসাব করলে দাঁড়ায় প্রতি মাসে গড়ে একবার করে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তাদের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় এসব পরীক্ষার পেছনে ব্যয় করে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। এত বড় অন্যায় সত্ত্বেও গত এক দশকে প্রশ্ন ফাঁসের জন্য কাউকে দায়ী বা বিচারের মুখোমুখি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
টিএইচএ/
