ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ যখন অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে, ঠিক সেই সময়ে সম্পূর্ণ বিপরীত ও মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করল স্পেন।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষের মতে, অভিবাসীরা স্পেনের অর্থনীতি ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্পেনের অভিবাসন মন্ত্রী এলমা সাইজ জানান, এই প্রক্রিয়ায় বৈধতা পাওয়া ব্যক্তিরা দেশের যেকোনো প্রান্তে এবং যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন।
তিনি বলেন, যারা ইতিমধ্যে স্পেনে বসবাস করে দেশ গঠনে অবদান রাখছেন, এই পদক্ষেপের মাধ্যমে তাদের মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হচ্ছে। মূলত বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়া এবং পেনশন ব্যবস্থার ওপর চাপ কমাতে স্পেনের জন্য এই নতুন শ্রমশক্তি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অভিবাসীদের মতে, এটি কেবল অভিবাসীদের জন্য নয়, বরং পুরো স্প্যানিশ সমাজের জন্য ভালো হবে। কারণ বৈধভাবে কাজ করলে তারা রাষ্ট্রীয় কোষাগারে কর ও সামাজিক নিরাপত্তা ফি প্রদান করতে পারবেন।
নতুন এই নিয়মে যারা অন্তত ৫ মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছেন, তারা বৈধতার এই সুযোগ পাবেন।
সূত্র: আল জাজিরা।
এআইএল/
